হামজাদের খেলা দেখতে স্টেডিয়ামে থাকবেন টাইগার কোচ সিমন্স
এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে জাতীয় ফুটবল দল এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আছে। একই হোটেলে থাকায় দুই দলের সদস্যদের দেখা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। ঠিক তেমনই এক মুহূর্তে লিফটে মুখোমুখি হলেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স।
সোমবার সংবাদ সম্মেলনে জামাল জানান, লিফটে নামার সময় সিমন্স তাকে ভারতের বিপক্ষে ম্যাচের চাপ নিয়ে প্রশ্ন করেন। সিমন্স জানতে চান, ‘ভারতের বিপক্ষে ম্যাচে তো অনেক চাপ থাকে, কী মনে হচ্ছে?’
জবাবে জামাল বলেন, ‘ফুটবলারদের জন্য চাপ থাকাটা স্বাভাবিক। চাপ সামলানোই আমার কাজ।’ এসময় সিমন্স তাকে জানান, ‘আমিও ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকব।’
ম্যাচের গুরুত্ব বোঝাতে জামাল আরও বলেন, ‘ক্রিকেটাররাও এই ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত। শুধু সমর্থক বা পরিবার নয়, অন্য খেলাধুলার মানুষও আগ্রহ দেখাচ্ছে। পুরো বাংলাদেশই এই ম্যাচ দেখবে।’