আমি অনেক বছর ধইরা ভিক্ষা করি। অহন আর মাইনসের কাছে হাত পাতন লাগতো না। স্যারেরা আমারে একটা গরু কিনে দিছে। অহন থেইক্কা আর ভিক্ষা করা লাগতো না।
এভানেই কথা গুলো বলে নিজের ভাব প্রকাশ করছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারি গ্রামের নূরজাহান বেগম।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে ভিক্ষুকদের পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যাচাই-বাছাই করে উপজেলার ৫ জন ভিক্ষুককে ৩ টি গরু ৫ টি ছাগল এবং মুদি পণ্য সহ একটি মুদির দোকান কিনে দেয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভিক্ষুকদের পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম চলমান থাকবে। সরকারি নির্দেশনা মোতাবেক প্রত্যেক ভিক্ষুকের জীবনবৃত্তান্ত সংগ্রহের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিক্ষুকদের পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো), ১নং ইউপি চেয়ারম্যান আবু হানিফা প্রমুখ।
