এবার কুমিল্লায় দুর্গোৎসবে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। অস্থায়ী পূজা মন্ডপগুলোর নিরাপত্তায় প্রাধান্য দিয়ে জেলা পূজা উদযাপন প্রস্তুতি সভায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ। সকল মন্ডপে সিসি ক্যামেরা, নিজস্ব স্বেচ্ছসেবক নিয়োজিত রাখা এবং সূর্যাস্তের আগে বিসর্জন সমাপ্ত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ১ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া দুর্গোৎসবে কুমিল্লার ৭৯৪টি মন্ডপে পূজা চলাকালীন সময়ে দিন রাত আনসার সদস্যদের প্রহরা থাকবে। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবির আলাদা টহল থাকবে। আগামী তিন দিনের মধ্যে জেলার কোন কোন পূজা মন্ডপে অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন তার তালিকা চাওয়া হয়েছে পূজা উদযাপন কমিটির কাছে। এছাড়া পূজার সময় মন্ডপের জন্য সরকারি বরাদ্দ সঠিক সময়ে পৌঁছে যাবে বলে জানা যায়।
এ বিষয়ে সদর সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, নানুয়া দিঘীর পাড়ের পূজা মন্ডপে এবার আরো জাঁকজমক ভাবে পূজা হবে। জেলার সকল পূজা মন্ডপে সরকারি নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা বলয় তৈরী করা হবে। মন্দির ও মন্ডপে প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। কুমিল্লা এবার উৎসব মুখর এবং সুশৃঙ্খল পরিবেশে দুর্গোৎসব পালিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, মন্ডপের পরিধি অনুসারে বড় মন্ডপে ৮ জন, বরোয়ারি মন্ডপে ৬ জন এবং পারিবারিক পূজা মন্ডপে ৪ জন করে আনসার সদস্য পূজা চলাকালীন সময়ে দিনরাত নিয়োজিত থাকবেন। এছাড়া পুলিশ, র্যাব ও বিজিবির টহল মোতায়েন থাকবে। একটি কন্ট্রোলরুম খোলা হবে- যেখান থেকে পুরো জেলার পূজার সার্বক্ষণিক খবর নেয়া হবে।
পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান বলেন, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন উস্কানি কিংবা গুজব না ছড়াতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী বছর থেকেই যেহেতু জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হবে সেই বিবেচনায় স্বাধীনতা বিরোধী চেতনার কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে ব্যবহার না করতে পারে সে দিকে সবাইকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দে পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরকেও তিনি অনুরোধ করে বলেন, যে কোন গুজব কিংবা উস্কানিতে আগে কান না দিয়ে যাচাই করা এবং প্রয়োজনে পুলিশকে জানানো প্রয়োজন। পুলিশ সুপার বলেন, কুমিল্লার যে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে এ দূর্গা পূজায় আমরা প্রমান দিতে চাই।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তাপস বকশী বলেন, আমরা সার্বিক নিরাপত্তা নিয়ে আশাবাদী। ঝূঁকিপূর্ণ মন্ডপের তালিকা প্রশাসনকে দেয়া হবে। আমরা নিজেরাও সচেষ্ট থাকবো যেন মন্ডপে কোন উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরী না হয়।
মহানগর পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অচিন্ত্য দাশ টিটু বলেন, আমরা সরকারি সকল নির্দেশনা মেনে এবার উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করবো।
কুমিল্লায় দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি
