ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ নিটারের সাথে ইপিলিওন গ্রুপের একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) রোজ রবিবার নিটারে এই সমঝোতা স্মারকটি সাক্ষরিত হয়।
রবিবার বেলা এগারোটার দিকে নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটারের অধ্যক্ষ জনাব অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশিদ ও ইপিলিওন গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ শওকত ইকবাল (এইচআর, সিএসআর, এন্ড এডমিন)। আরো উপস্থিত ছিলেন ইপিলিওন গ্রুপের সিনিয়র ম্যানেজার জনাব মো. সাইফুদ্দিন আহমেদ তুষার (এইচআর, এডমিন এন্ড সিএসআর), নিটারের বস্ত্র প্রকৌশল বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মাহাবুব হাসান ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম।
উক্ত সমঝোতা স্মারক সাক্ষরের মাধ্যমে নিটারের শিক্ষার্থীরা পরবর্তীতে ইপিলিয়ন গ্রুপে চাকরি, চাকরি পূর্ব প্রশিক্ষন, বিভিন্ন গবেষণা সহ আনুষঙ্গিক বিষয়ে সকল সহযোগিতা পাবে। সাথে উচ্চশিক্ষায় বিদেশ গমনের ক্ষেত্রে সহযোগিতা পাবে।
অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ইপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ শওকত ইকবাল বলেন, “বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা টেক্সটাইল কলেজ গুলোর সাথে কম্পিটিশন করে নিটার এখন ইপিলিয়ন গ্রুপে তাদের শক্ত অবস্থান গড়ে নিয়েছে।”
ইপিলিয়ন গ্রুপের সিনিয়র ম্যানেজার মো. সাইফুদ্দীন আহমেদ তুষার জানান, পুরো টেক্সটাইল এন্ড এপেরাল সেক্টরে কাজ করার জন্য নিটারের সাথে তাদের এই সমঝোতা। তারা নিটারের তারুন্যকে কাজে লাগিয়ে তারা বস্ত্র প্রকৌশল বিভাগে আরো ভালো কাজ করতে চান।
নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশিদ ইপিলিয়ন গ্রুপের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, “আপনাদের ফ্যাক্টরিতে কি কি সমস্যা হচ্ছে সেগুলো আমাদের সাথে শেয়ার করুন আমাদের টেক্সটাইল, আইপিই, এফডিএই সহ সব ডিপার্টমেন্টে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষক-শিক্ষার্থী রয়েছে যারা আপনাদের দেয়া সমস্যা নিয়ে কাজ করবে।”
তিনি আরো বলেন, “আমরা চাই ইপিলিয়ন গ্রুপের সাথে নিটারে যৌথভাবে একটি আরএন্ডডি ল্যাব করতে যেখানে ইপিলিয়ন গ্রুপের সাথে প্রয়োজনীয় ফান্ড দিয়ে নিটার পাশে থাকবে।”
এরপর ইপিলিয়ন গ্রুপের প্রতিনিধিরা নিটারের ল্যাব গুলো পরিদর্শন করেন।
