ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জননী গার্মেন্স এন্ড টেইলার্স নামের এক দোকানে দিনদুপুরে লুটপাটের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রবিবার ওমর ফারুক হয়ে আটজনের নাম উল্ল্যেখ করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া বাজারের ব্যাবসায়ী ওমর ফারুকের দোকানে তার ভাতিজা মোবারক মিয়া (১৫)কে রেখে জোহরের নামাজ পড়ার জন্য পার্শ্ববর্তী মসজিদে যায়। এই সুযোগে লুটপাটকারীরা দোকানে প্রবেশ করে ক্যাশ ভাংচুর করে নগদ চারলক্ষ টাকাসহ দোকানে থাকা আনুমানিক দুইলক্ষ ৭৫হাজার টাকার শাড়ি কাপড়, লুঙ্গী, ও গার্মেন্সের মালামাল নিয়ে যায়। লুটপাটকারীদের বাঁধা দিলে ভাতিজা মোবারককে মারপিট করে জখম করে। এসময় মোবারকের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে লুটপাটকারীরা টাকা ও মালামাল নিয়ে চলে যায়।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সবুজ মিয়া লুটপাটের বিষয়টি অস্বীকার করে জানান, তার চার বোন দোকানের সামনে গিয়ে ওমর ফারুককে বলেন, আমরা বাড়িতে না থাকায় রাম দা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছিস। এখন আমরা বাড়ীতে এসেছি সাহস থাকলে আয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরই একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দিয়েছি ঘটনা তদন্ত করার জন্য। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
