২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

চবি আলাওল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩

০৩ জানুয়ারি ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল ‘আলাওল হল’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধনের মাধ্যমে ‘বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উৎসব-২০২৩’ শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলা শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি মনকে রাখে প্রফুল্ল। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নিয়ামানুবর্তিতা, সময়ানুবর্তিতা, সৌহার্দ্য-সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে; একইসাথে মেধা ও প্রতিভার বিকাশ ঘটে। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ক্রীড়া প্রতিযোগিতার নিয়ম-কানুন সমুন্নত রেখে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য ক্রীড়াবিদদের আহবান জানান। তিনি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মুর্চ্ছনায় মাননীয় উপ-উপাচার্য জাতীয় পতাকা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, আলাওল হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ আবদুল্লাহ আল মারুফ। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এ বি এম নাজমুল ইসলাম খানকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ মোহাম্মদ রানাকে মাননীয় উপ-উপাচার্য শপথ বাক্য পাঠ করান। আলাওল হলের আবাসিক শিক্ষার্থী জনাব মোহাম্মদ সজীব এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত হলের সিনিয়র পেশ ইমাম জনাব মোহাম্মদ হাসানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক জনাব ঝুলন ধর।

উদ্বোধনী অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার, চবি বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, আলাওল হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চবি বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩

চবি আলাওল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!