রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক ● এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ●
Logo
রাজনীতি

আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম
কপি হয়েছে!

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম জানিয়েছেন বাংলাদেশের মানুষ দেখেছে বিএনপি সরকার গত আট মাসে প্রতিনিয়ত অজনপ্রিয় হয়েছে। প্রতি মাসে দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে, ধর্ষণের সংখ্যা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এবং সুশাসন দিনে দিনে কমেছে। শনিবার ৩১ অক্টোবর দুপুরে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান জামায়াতও তাদের জায়গা থেকে এককভাবে নির্বাচন করবে। এনসিপি এবং অন্যান্য দলগুলোও এককভাবে নির্বাচন করবে। এটিকে সামনে রেখেই তাঁরা ঢাকা সিটি করপোরেশনে তাঁদের অন্যতম দুই কান্ডারি নাসির উদ্দিন পাটোয়ারী এবং আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করেছেন। তিনি স্পষ্ট করেন যে এটি কোনো সমঝোতা বা ছাড় দেওয়ার জন্য নয়, বরং তাঁরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের লড়াই চালিয়ে যাবেন।

সারজিস আলম আরও জানান শেখ হাসিনার ডিসেম্বরে ফিরে আসার গুজবকে তাঁরা পাত্তা দিচ্ছেন না। একটি পতিত স্বৈরাচারের পতন একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে উল্লেখ করে তিনি বলেন এখন অল্পস্বল্প কিছু শব্দ শোনা গেলেও তা টিকবে না। যেমন জাতীয় পার্টির পতনের পরও কিছুদিন এমন শব্দ শোনা গিয়েছিল কিন্তু সর্বশেষ নির্বাচনে তাদের চূড়ান্ত পতন ঘটেছে। আওয়ামী লীগের ক্ষেত্রেও এসব শব্দ পুরোপুরি শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে শেখ হাসিনা যদি সত্যিই ফিরে আসার চিন্তা করেন তবে সেদিনই আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্ট অংশেরও কবর রচিত হবে বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এইচএসসি পাসের হার নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান যাঁরা পড়াশোনায় ভালো করেছেন এবং আগামী দিনে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে চান তাঁদের মূল্যায়নের ভিত্তিতেই এই ফল প্রকাশ করা হয়েছে। আগামী দিনে নতুন প্রজন্ম ভালো ফলাফল করার লক্ষ্যে পড়ার টেবিলে ফিরে যাবে এবং সেভাবেই সরকার তাদের ভালো ফলাফলের জন্য চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ। অনুষ্ঠানে পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।