‘বৈশ্বিক জ্বালানি সংকট ও চলমান বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই অফিসের শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র এবং ইন্টেরিয়র ডেকোরেশনের সকল বাতি বন্ধ রাখা হলো। আপনারাও যার যার ব্যক্তিগত ক্ষেত্রে আন্তরিকভাবে বিদ্যুৎ সাশ্রয়ী হোন।’
নিজ অফিস কক্ষের এসি বন্ধ করে তার ওপর এই কথাটি নোটিশ আকারে সেঁটে দিয়েছেন খোদ শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।
বুধবার (২০ জুলাই) দুপুরে কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে ইউএনওর সঙ্গে আলাপকালে বিষয়টি চোখে পড়ে শরীয়তপুর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের।
এ সময় দেখা যায়, অফিস কক্ষের প্রতিটি জানালা বন্ধ করে না রেখে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যাতে বাইরের আলো দিয়েই অফিস চালু রাখা যায়। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি বন্ধ রেখে জরুরি প্রয়োজনে ইন্টেরিয়র ডিজাইনের ওপর লাগানো হয়েছে দুটি বৈদ্যুতিক পাখা।
ইউএনও মনদীপ ঘরাই বলেন, ‘চলমান বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে এবং সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যকে মেনে চলার জন্য অনুরোধ করার আগে নিজেই সাশ্রয়ী হয়ে অন্যকে পরামর্শ দেব।’
তিনি আরও বলেন, ‘শুধু আমার অফিসই নয়, আমার বাসভবনে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, অতিরিক্ত বৈদ্যুতিক বাতি জ্বালানো, বিনা প্রয়োজনে টেলিভিশন চালানো বন্ধ থাকবে।’
