পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের চাপায় রাজু আহম্মেদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার সদ্দারপাড়া এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রাজু আহম্মেদ নামে ওই পাথর ব্যবসায়ী দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের হবিবর রহমানের ছেলে।
রাজু আহম্মেদ গত ৬ মাস ধরে সদ্দারপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজু আহম্মেদ শ্বশুর বাড়িতে থেকে পাথর ব্যবসা করে আসছিলো।
মঙ্গলবার দুপুুরে তেঁতুলিয়া উপজেলা সদরের বাজার থেকে মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন তিনি। এমন সময় সদ্দারপাড়া এলাকার ঈদগাহ মাঠের সামনের তেঁতুলিয়া- বাংলাবান্ধা মহা সড়ক থেকে মোটরসাইকেলটি বামপাশে ঘুরাতে যায় সে। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে লেগে গেলে রাজু আহম্মেদ পাকা রাস্তায় পড়ে যায়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। তবে ঘটনার পর পরেই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
