পটুয়াখালীর গলাচিপায় সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: নিয়াজ খানের (৩৪) ভাড়া বাসা থেকে দিনে দুপুরে ৮ভরি স্বর্ন ও নগদ ৪৫ হাজার টাকা দুর্ধর্ষ চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের সামুদাবাদ রোডের পূর্ব পাশে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মো: নিয়াজ খান গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের চৌরাস্তা সংলগ্ন আ: জব্বার মিয়ার মাকসুদা ভবনের দ্বিতীয় তলায় তার স্ত্রী জিনিয়া ও পুত্র নাহিয়ানসহ ভাড়া বাসায় বসবাস করে আসছেন দীর্ঘদিন। তার স্ত্রী কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বুধবার সকালে ৯টার সময় মো: নিয়াজ খান তার অফিসে আর তার স্ত্রীও পুত্রসহ স্কুলে যান। ধারণা করা হচ্ছে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে যে কোন সময় দরজার তালা অপসরন করে ঘরের ভেতর প্রবেশ করে আলমারী থেকে ৮ভরি স্বর্ন ও নগদ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘ বদ্ধ একটি চোরের দল। দিনে এ ধরনের ঘটনা ঘটায় এলাকার মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, চুরির ঘটনা ঘটেছে খবর পেয়েছি। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল গিয়েছে। সঠিক তদন্ত করে এ ধরনের অপরাধীকে ধরা হবে।
