বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সন্মান জানিয়ে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন, এতে উল্লেখ্য আছে যে দেশের সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার, শনিবার ও রবিবার এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের ৬ নং মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্রীয় শোক দিবস তোয়াক্কা না করে শুক্রবার ও শনিবার প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করেন নি।
এতে করে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অবিভাবক গণমাধ্যম কর্মীদের জানান, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায় সরকারি নিয়ম নীতি পালন করেন না।
তিনি আরও বলেন৷ প্রধান শিক্ষকের গাফিলতির কারণে একটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পরও আজ এবং গতকাল বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন নি।
৬ নং মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা দুলাল জানান, আমি তো এই বিদ্যালয়ের নাইট গার্ড। আমি রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ডিউটি করে বাড়ি চলে যাই। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে যে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে এ বিষয় কেউ আমাকে জানায় নি। আজকে দুপুর ১২ টার পরে হঠাৎ প্রধান শিক্ষক আমাকে মুঠোফোনে বলেন, স্কুলে সাংবাদিক আসছে তুমি দ্রুত জাতীয় পতাকা অর্ধনমিত করো এবং আমি এসে জাতীয় পতাকা অর্ধনমিত করি।
এ বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমাদের স্কুলে কোন দপ্তরী নেই একজন সহকারী শিক্ষিকার এক নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে জাতীয় পতাকা অর্ধনির্মিত করা সম্ভব হয়নি। আমি এখন সহকারী শিক্ষিকাকে পাঠিয়ে দিচ্ছি জাতীয় পতাকা অর্ধনমিত করার জন্য।
ঐ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জয় নন্দনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাষ্ট্রের ঘোষিত শোক দিবসের পরিপত্র অবশ্যই প্রধান শিক্ষক জানার কথা, তিনি শোক দিবসের প্রজ্ঞাপন জানার পরেও যদি সরকারি নিয়ম নীতি পালন না করেন তাহলে কর্তৃপক্ষ সরকারিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি পরবর্তী সভায় প্রধান শিক্ষককে জবাবদিহি করব।
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইল নম্বরটি বন্ধ ছিলো।
