ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) চলছে অর্ধদিবস কর্মকর্তা বিরতি। জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে সেবা গ্রহীতারা।
সরেজমিনে দেখা গেছে, আজ সকাল ৮ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারিরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে সেবা নিতে আসা মানুষগুলো খালি হাতে বাড়ি ফিরছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা আইন ২০১২ সালে কার্যকর করা হলেও এখনো দৃশ্যমান কোন পরিবর্তন হয় নাই। যার দরুন ডিআরআরও-পিআইওরা কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা পাচ্ছেন না।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ অর্ধদিবস কর্মবিরতি পালনের প্রথম দিনে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল কাদির, কার্য সহকারী মোঃ গোলাম কিবরিয়া, অফিস সহায়ক মোঃ মামুন মিয়া।
