ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “প্রবাসী পরিবার মানবিক সংগঠনে”র ৩য় কার্যনির্বাহী আংশিক কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (১৬, সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির নির্বাচন কমিশন নতুন আংশিক কমিটি ঘোষনা করে। এতে মোঃ দৌলত উর রহমান তরফদার সভাপতি, মোঃ ফজলুল হক সাধারণ সম্পাদক এবং মোঃ কামরুজ্জামান তারা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রধান উপদেষ্টা পদে মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সদস্য মোঃ খোরশেদ আলম।
উল্লেখ্য, গত ২০২১ সালের ১লা এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসী বাংলাদেশীদের এই সংগঠন “প্রবাসী পরিবার মানবিক সংগঠন”। প্রতিষ্ঠার পর থেকেই ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ১৪টি পর্যায়ের বিভিন্ন অঞ্চলে অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও মসজিদ মাদ্রাসা খুঁজে খুঁজে আর্থিক অনুদান এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারা। উপজেলাব্যাপী তাদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের জনসাধারণ।
