পটুয়াখালীর গলাচিপায় এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ব্যক্তির নাম মো. জালাল আহমেদ (৫০)। তিনি দীর্ঘ দিন ধরে পৌর শহরের চৌরাস্তায় ফার্মেসি দোকানে অন্যের নিবন্ধন নম্বর ব্যবহার করে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর শহর থেকে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) মো. মহিউদ্দিন হেলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মোমেন, মেডিক্যাল অফিসার ডা. নূর উদ্দিন।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন হেলাল বলেন, জালালের উপযুক্ত ডিগ্রি ছিল না। তার ওপর তিনি অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, অভিযোগ পেয়ে আটকের পর তাকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
