ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনিবন্ধিত ওষুধ রাখাসহ বিভিন্ন অপরাধে তিনটি ওষুধের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট হাফিজা জেসমিন। উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের এরফান মেডিকেল হল, বর্মন মেডিকেল হল, আতিক ফার্মেসি হলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের খালবলা বাজারে অভিযানকালে ওষুধ দোকানগুলোতে অনিবন্ধিত ওষুধ রাখা, ড্রাগ লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করা, স্যাম্পল ঔষধ ক্রয়বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ১৯৪০ সালের ওষুধ আইনে প্রতিষ্ঠানগুলো ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে অভিযানে সহায়তা করেন ময়মনসিংহ জেলা কার্যালয় সহকারী পরিচালক ঔষধ প্রশাসন মোঃ আব্দুল বারী, আঠারোবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা মোজাহেদুর রহমান এর নেতৃত্বে একটি টিম।
ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন বলেন, জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
