ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ থানয় শেষ হয় র্যালিটি।
পরে ঈশ্বরগঞ্জ থামার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে. এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি।
কমিউনিটি পুলিশিং ডে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।
