২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ওয়াক্ফ স্টেটের জমি দখল করে ১০ তলা ভবন নির্মাণ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ অক্টোবর ২০২২

রাজধানীর মগবাজারে ওয়াকফ স্টেটের কিছু অংশ দখল করে দশ তলা ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মগবাজারের ৪/ক, আউটার সার্কুলার রোড, গোলাম নবী ওয়াকফ স্টেটের ৪ ফুট জায়গা দখল করা হয়েছে। স্টেটের মোতওয়াল্লি আমির হামজা পাশে তার দশ তলা ভবন নির্মাণ করতে গিয়ে স্টেটের জমি দখল করেছেন। এ ব্যাপারে স্টেটের পূর্বের মোতওয়াল্লি মো. ইসমাইলের ছেলে মো. আহসানুর রহমান বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, মগবাজারে দশমিক শূন্য তিন দুই দুই অযুতাংশ জমির ওপর তিন তলা ভবনটি গোলাম নবী ওয়াকফ স্টেট নামে পরিচিত। তিন তলা ভবনের পুরোটাই ভাড়া দেওয়া রয়েছে। ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকার সাব রেজিস্ট্রার কার্যালয়ে ১ নিউ ইস্কাটন রোড নিবাসী হাজি গোলাম নবী ঐ সম্পদ ওয়াকফ স্টেট করে দেন। স্টেটের তিন তলা ভবনের পেছনের জমির মালিক গোলাম নবীর দুই ছেলে। দুই বছর আগে ঐ জমিতে তাদের পুরাতন বাড়ি ভেঙে সেখানে দশ তলা ভবন নির্মাণকাজ শুরু করেন। এই ভবন নির্মাণ করতে গিয়েই গোলাম নবী ওয়াকফ স্টেটের তিন তলা ভবনের পেছনে ৪ ফুট খালি জায়গা দখল করে নেওয়া হয়েছে। এমনভাবে ভবনটি নির্মাণ করা হয়েছে যেখানে তিন তলা ভবনের কার্নিশ দশ তলা ভবনটির দেয়াল স্পর্শ করেছে।

রাজধানীর নিউ ইস্কাটন রোডে বাংলাদেশ ওয়াকফ স্টেট কার্যালয়ে ওয়াকফ প্রশাসকের কাছে গোলাম নবী ওয়াকফ স্টেটের সাবেক মোতওয়াল্লি হাজি ইসমাইলের ছেলে আহসানুর রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, ২০১৯ সালে ওয়াকফ স্টেটের মোতওয়াল্লি আমির হামজা মিসকেস করে দশমিক ৭৩ অযুতাংশ জমির মালিক হন। এরপরই তিনি ওয়াকফ স্টেটের তিন তলা ভবনের পেছনের ৪ ফুট জায়গা দখল করে দশ তলা ভবন নির্মাণ করেন।

তিনি আরো বলেন, ওয়াকফ স্টেটের দোকান ভাড়ার টাকা মোতওয়াল্লি নয়ছয় করেন। চুক্তি অনুযায়ী বাড্ডায় গোলাম নবীর আরেকটি ওয়াকফ স্টেটে ব্যয় করেন না। এ ব্যাপারে গোলাম নবী ওয়াকফ স্টেটের মোতওয়াল্লি আমির হামজা বলেন, কাগজপত্র অনুযায়ী আমরা আমাদের জমিতে ভবন নির্মাণ করেছি। ওয়াকফ স্টেটের কোনো জমি আমরা দখল করিনি। আর আমার বাবার মৃত্যুর পর হাজি ইসমাইল দীর্ঘদিন ধরে ওয়াকফ স্টেটের ভাড়ার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। বরং আমি ওয়াকফ স্টেটের মোতওয়াল্লি নিযুক্ত হওয়ার পর এখন সঠিকভাবে দেখাশোনা করা হচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ৩০ অক্টোবর ২০২২

ওয়াক্ফ স্টেটের জমি দখল করে ১০ তলা ভবন নির্মাণ

লিংক কপি হয়েছে!