ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘরে বসে জমির মালিকেরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের মগটুলা ভূমি অফিসে এ ভূমি সেবা ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, বিশেষ এ ভূমি সেবা ক্যাম্পেইনে জমির মালিকদের প্রাপ্ত সেবা সমূহের মধ্যে রয়েছে – ফ্রী নামজারীর আবেদন, অনলাইনে ভূমি কর আদায়, নামজারী শুনানী গ্রহণ, মিসমোকদ্দমার শুনানী গ্রহণ,ভূমি বিষয়ক সকল পরামর্শ প্রদান ও শিক্ষার্থীদেরকে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক বিশেষ ক্লাস।
এসময় ক্যাম্পেইনে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহিতা যেন দ্রুত সেবা পেতে পারেন সে লক্ষ্যে কাজ করছি। একই সাথে সরকারের ডিজিটাল ভূমি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আমারা এ ভূমি সেবা ক্যাপেইন চালু করেছি। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেই ভূমি সেবা ক্যাম্পেইন করা হবে।
তিনি আরও জানান, ক্যাম্পেইনে ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে কীভাবে ভূমি সেবা পাওয়া যায় এ বিষয়েও সবাইকে সচেতন করা হচ্ছে।
