পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক সম্পত্তিতে ফসল কাটার সময় চাঁদবাজ ও ভূমি জবর দখলবাজদের হাত থেকে বর্গা চাষীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার ভূমি মালিক তুলসী রানী দত্ত (৩৮) নামে এক নারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তী গ্রামের ৭নং ওয়ার্ডের নিজ ভোগ দখলীকৃত ফসলী জমিতে। এ ঘটনায় আহত ওই নারীকে উদ্ধার করে এলাকাবাসী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তুলসী রানী দত্ত পিতা মৃত হরিপদ দত্ত। তার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৭নং ওয়ার্ড চর আগস্তি গ্রামে পারিবারিক ভাবে ১৬ একর ৮৩ শতাংশ জমি আছে। উক্ত সম্পত্তি নিয়ে অভিযুক্ত মো. সেলিম হাং (৫৫) ও মো. মোসলেম হাং এর সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠকে বিরোধের সমাধান হয় ও রায় তুলসী রানী নিজেদের পক্ষে পান। কিন্তু বিরোধী পক্ষ সেই রায় মানতে নারাজ। গত ০১ নভেম্বর তুলসী রানীর ভোগদখলীয় ওই জমিতে বর্গা চাষী মো. আলমগীর হোসেন ফসল কাটতে গেলে মো. সেলিম হাং ও মো. মোসলেম হাং ফসল কাটতে বাঁধা প্রদান করে এবং চাঁদা দাবি করে। বর্গা চাষী আলমগীর অস্বীকৃতি জানালে তাকে ধাক্কাধাক্কি ও গালিগালাজ করে। এক পর্যায়ে ভূমির মালিক তুলসী রানী বর্গা চাষীকে বাঁচাতে গেলে তার ওপর সেলিম ও মোসলেম চড়াও হয়। লাঠি সোটা নিয়ে পেটানো শুরু করে এবং এবং শারীরিক ভাবে কিল ঘুষি মেরে নিলা ফুলা জঘম করে। ধান কাটার কাচী দিয়ে পোচ দিয়ে হাতের বৃদ্ধা আঙ্গুলে ও পিঠে রক্তাক্ত জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জমির বর্গা চাষী মোঃ আলমগীর হোসেন বলেন,” আমার চাষের বিছলা খোলায় ধান দাইতে নামলে ওরা বাধা দেয়, টাকা দাবি করে, এসময় জমির
মালিক (তুলসী রানী) সামনে আইলে মহিলা-টহিলা কিছুই মানেনাই লাথি, ঘুষী দিয়া পারাইতে থাকে। তারে বাঁচাইতে কেউ আসেনায়। হিন্দু মহিলা একা পাইয়া যা তা ব্যাবহার করছে।
চিকিৎসারত অবস্থায় আহত তুলসী রানী দত্ত বলেন,”আমাদের পারিবারিক সম্পত্তি বর্গা চাষি দিয়ে চাষাবাধ করাই, হিন্দু বলে আমাদের জমি দখল করে নিতে বিভিন্ন ষড়যন্ত্র চালায় হামলা কারীরা। নারী-পুরুষ বলে তাদের কাছে কিছুই নেই। জমি দখল নিতে মরিয়া হয়ে উঠছে সেলিম, মোছলেম সহ অচেনা শতাধিক চক্রান্তকারী”।
স্থানীয় ইউপি সদস্য বলেন,দেবত্তর সম্পত্তি নিয়ে বিতর্কের কথা শুনেছি। এই বিতর্কের কারনে অধিকাংশ জমি খিল (চাষ হয়নি) রয়েছে। বর্গা চাষির সাথে গন্ডগোল হয়েছে। তবে পরিষদে কোন অভিযোগ আসেনি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইণ জানান, ঘটনার ব্যাপারে তুলসী রানী থানায় অভিযোগ করেছে। এ বিষয় তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্তদের সাথে এ বিষয়ে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
