ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় গোলাম মওলা সুমন (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের কেওয়াটখালী ওয়াপদা মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
গোলাম মওলা সুমন নগরের শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি নগরের একটি রেস্টুরেন্টের মালিক ও বিকাশের ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন।
স্থানীয়রা জানান, গোলাম মওলা সুমন কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ওই রেলক্রসিং পার হতে চাইলে আশেপাশের লোকজন ‘ট্রেন আসছে’ বলে তাকে থামতে বলেন। লোকজনের ডাকাডাকি শুনতে পেয়ে রেললাইনের কাছে মোটরসাইকেলটি থামিয়ে পেছনে তাকান সুমন৷ এ সময় একটি ট্রেন এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
সুমনের এমন আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে শোকের ছায়া। গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন বন্ধু-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
