ফরিদপুরের সালথায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম ইব্রাহিম শেখ। তার বাড়ি সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দজরা পুরুরা গ্রামে।
বুধবার (১৬ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ইব্রাহিম। গত ৯ নভেম্বর সন্ধ্যায় ইব্রাহিম কিশোরীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দেন। ১৪ নভেম্বর রাতে কিশোরীর বাড়িতে গিয়ে ফের তাকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর পরিবার ও স্থানীয়রা ইব্রাহিমকে আটক করে পুলিশে দেয়।
কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
