ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। তার মধ্যে ৩ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়াও আরও ৩ হাজার কৃষকের মাঝে হাইব্রিড জাতের বীজ প্রদান হচ্ছে বলে জানা যায় কৃষি অফিস। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান।
বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপসহকারী কৃষি কর্মকর্তা আলী আখছার খান প্রমুখ।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঝে হাইব্রিড ও উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সোমবার বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলার মোট ৬ হাজার জন কৃষক উন্নত জাতের বীজ ও সার পাবেন। এতে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।
