ফরিদপুরের সালথা উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর-সালথা সড়কের নারানপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত যুবক মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় মেহেদী হাসান মাহি (২১) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফ্রিদী মাগুরার মোহাম্মদপুর থানার দিঘা ইউনিয়নের চিত্তশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। আহত মেহেদী হাসান একই ইউনিয়নের নাগরা গ্রামের বাসিন্দা। তারা দুজনই সালথায় রিসডা বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন।
সালথা থানার এসআই তন্নয় চক্রবর্তী বলেন, সকাল ১১টার দিকে সালথার রিসডা সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী ও মেহেদী হাসান মাহি একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা মোটরসাইকযোগে সালথা বাজার থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পথে নারানপুর মোড়ে পৌঁছালে ফরিদপুর দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী। আর মেহেদী হাসান মাহি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
