পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১০১ পিস নেশার ইনজেকশন সহ আটক মাদক ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (২৮)।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহলদল উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডি এলাকার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মাদক কারবারি সাইফুল ইসলাম একই উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডি গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
ওসি আবু সাঈদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এক টিম উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডি নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি সাইফুল ইসলামের বসতবাড়ি থেকে ২টি কালো রং এর পলিথিনের ব্যাগে রাখা ১০১ পিচ নেশার ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। পরবর্তীতে তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমার বাদী হয়ে ওই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
