পুরোনাম ফরিদা আক্তার পপি। তবে রূপালি পর্দায় ববিতা নামে পরিচিত তিনি। সত্তর ও আশির দশকের তুমুল জনপ্রিয় নায়িকা এ নায়িকার আজ জন্মদিন। ২৫০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করা অভিনেত্রী পর পর তিন বছর টানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে। সেখানে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। চিত্রপুরীতে তার প্রাথমিক নাম ছিলো সুবর্ণা। জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করার সময় ববিতা নামে পরিচিতি পান তিনি। বসুন্ধরা, লাঠিয়াল, গোলাপী এখন ট্রেনে, জন্ম থেকে জ্বলছি, মন্টু আমার নাম, দিপু নাম্বার টু, টাকা আনা পাই, স্বরলিপি, তিনকন্যাসহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি।
১৯৫৩ সালের ৩০শে জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন ববিতা। তার বাবা নিজামুদ্দীন আতাউব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বি. জে. আরা ছিলেন একজন চিকিৎসক।
বাবার চাকরি সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন। তবে তার পৈতৃক বাড়ি যশোর জেলায়। শৈশব এবং কৈশরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউজের সামনে রাবেয়া মঞ্জিলে।
১৯৭৪ সালে কলকাতায় ন্যাশনাল অ্যাওয়ার্ডে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে। নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৭৫ সালে ববিতা প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
আপন মহিমায় উজ্জ্বল এ অভিনেত্রীর জন্মদিনে জাগো বুলেটিন পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা।
