গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দেন শবনম বুবলী। এবার জানালেন বিস্তারিত। আলোচনার পালে হাওয়া দিতে প্রকাশ পেল তার সন্তানের ছবি।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে সন্তানের ছবি প্রকাশের করে বুবলী লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

অনেকটা একই রকম লেখা আর ছবি দিয়ে শাকিব খানও ভেরিফায়েড পেইজে লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর।
সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। পারিবারিক সূত্রটি বলছে, ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন।
‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে ২০১৭ সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি।
