কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’। বইয়ের পাতা থেকে এবার মাসুদ রানা আসছেন রুপালি পর্দায়! এরই মধ্যে সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘এমআর-৯ : ডু অর ডাই’। বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর পরিচালিত ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
মার্কিন সংবাদপত্র ‘ডেডলাইন ডটকম’ এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৫ আগস্ট বাংলাদেশসহ কানাডা ও আমেরিকায় একযোগে মুক্তি পাচ্ছে ‘এমআর-৯ : ডু অর ডাই’। প্রতিবেদনে বলা হয়, স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডা ও আমেরিকার ১৫০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ছবিটি। এরই মধ্যে ছবির একটি পোস্টারও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া! পোস্টারে মাসুদ রানার চরিত্রে এবিএম সুমনকে দেখা গেছে!
৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত যৌথ প্রযোজনার এই ছবিটিতে জাজ ছাড়াও বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস। ছবির নির্মাতা আসিফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।
