এই ঈদে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে মারুফ হোসেন সজীব পরিচালিত নাটক “খুশি”। ঈদের ব্যস্ততা ও অসংখ্য কনটেন্টের ভিড়েও ইউটিউবে নাটকটি খুব অল্প সময়েই পার করেছে মিলিয়নের ঘর। নাটকটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নাটকটি নিয়ে ব্যাপক আলোচনা।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিন তিশা, যাঁদের রসায়ন ও অভিনয়ের সাবলীলতা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। পাশাপাশি সুষমা সরকার ও অন্যান্য শিল্পীরাও নজর কেড়েছেন তাদের স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে। অনেক দর্শক বলছেন, “খুশি” এবারের ঈদের সেরা নাটক।
নাটকটির কাহিনি, সংলাপ ও আবেগময় নির্মাণশৈলী একে আলাদা করে তুলেছে। ইউটিউব ভিউ ও লাইক ছাড়াও নাটকটির বিভিন্ন দৃশ্য ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ফেসবুকের প্রোফাইল, পেজ ও গ্রুপে। অসংখ্য দর্শক নাটকটির কিছু বিশেষ সংলাপ ও মুহূর্ত শেয়ার করে নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন।
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। খুশি নাটক নিয়ে এই অভিনেত্রী বলেন “খুব সুন্দর একটা চিত্রনাট্য, অন্য দশটা কাজের চাইতে অবশ্যই আলাদা।
খুশি চরিত্রটিকে যে সুন্দর ভাবে দার করাতে পেরেছে সেটা আনন্দের। আশা করছি চরিত্রটি দর্শক মনে রাখবে।“
নাটকটি নিয়ে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, “দর্শকদের বিপুল সাড়া পাচ্ছি কাজটির জন্য। রমকম ঘরানার এত কাজের মধ্যেও এই গল্পটি আলাদা করে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে দেখে খুব ভালো লাগছে। শুটিং করতে গিয়ে বেশ কষ্ট করতে হয়েছে, আমার টিমের সবাই খুব আন্তরিকভাবে কাজ করেছে। দর্শকদের ভালোবাসায় সব কষ্ট ভুলে গেছি।”
তিনি আরও বলেন, “এই ধরনের গল্প এখন খুব কমই বানানো হয়। কাজটি নিয়ে ভয় ছিল, কারণ ভিউ না পেলে কষ্ট লাগে। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।”
সি সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া এই নাটকটি বর্তমানে ঈদের সেরা আলোচিত কনটেন্টগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। যারা এখনো দেখেননি, তাদের জন্য “খুশি” হতে পারে এই ঈদের একটি আবশ্যিক দর্শনীয় নাটক।
