২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মেজর আখতারকে সমর্থন দিলেন এমপি নূর মোহাম্মদ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০১ জানুয়ারি ২০২৪

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী আসনে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ বিএনপির দুইবারের সংসদ সদস্য মেজর (অব.) মোঃ আখতারুজ্জামান রঞ্জন (স্বতন্ত্র প্রার্থী) কে সমর্থন দিয়েছেন। মেজর আখতারের নির্বাচনী প্রচারণায় ট্রাক প্রতিকের পক্ষে তিনি প্রথমবারের মতো রোববার সন্ধ্যায় সভায় বক্তব্য রেখেছেন।
সংসদ সদস্য নূর মোহাম্মদ আওয়ামী লীগের এমপি হয়েও নির্বাচনে মেজর আখতারের ট্রাককে সমর্থন দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, মেজর সাহেবকে সমর্থন দেয়ার এক নম্বর কারণ হলো, বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ আমাদেরকে দল-মত নির্বিশেষে স্বতন্ত্র যিনি প্রার্থী হবেন, তাকে সমর্থন দেয়ার কোথাও বাধা নেই। আগে যেমন বাধ্যবাধকতা ছিলো, আপনি যে দল করবেন এই দলের প্রার্থীকে আপনার সমর্থন দিতে হবে, তার পক্ষে কাজ করতে হবে, তাকে ভোট দিতে হবে। আগের এই বাধ্যবাধকতা যদি থাকতো, তাহলে আমি নৌকাকে সমর্থন দিতাম, নৌকার পক্ষে কাজ করতাম। আর দুই নম্বর বিষয় হলো, আমার খুব খোলামেলা কথা, আমাদের যে অন্য দুইজন প্রার্থী আছে, তাদেরকে আমি অপছন্দ করি, কোনভাবেই তাদেরকে আমি পছন্দ করতে পারি না। মেজর আখতারকে সমর্থন দেয়ার এটি একটি কারণ, এই তিনজনের মধ্যে উনি সবচেয়ে ভালো প্রার্থী। উনি একজন সাহসী মানুষ, মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছেন, তাকে সাপোর্ট দিচ্ছি। আরেকটা কথা হলো যে, আমাদের দেশে স্রোতের বিপক্ষে যাওয়া, সত্য কথা সাহস করে কথা বলার মানুষের খুব অভাব। উনার মধ্যে এটা আছে যা আমাদের অন্য কারো মধ্যে নেই। এসব কারণেই আমি মেজর আখতারকে সবচেয়ে যোগ্য এবং ভালো প্রার্থী হিসাবে আমি মনে করি এবং আপনারা নিশ্চয়ই মনে করেন এজন্যে এখানে এসেছেন। সবাইকে মেজর আখতারের পক্ষে কাজ করার অনুরোধ জানিয়ে সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে আহ্বান জানাবো, কটিয়াদী-পাকুন্দিয়ার নির্বাচনী এলাকার আমাদের যারা আছেন, আপনারা মেজর আখতারের পক্ষে আপনারা কাজ করবেন। উনি ভালো মানুষ, সাহসী মানুষ, মুক্তিযোদ্ধা এবং উনি নির্বাচিত হলে এ এলাকার মানুষদের জন্য অনেক ভালো হবে। উনার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি এটা হলো, কোন ধানাই-পানাই নাই। আমরা যখন যে কাজ করি, আমরা নিজের স্বার্থটা আগে দেখি। এবং আমি নিজে মনে করি যে, উনার যে সাহস আছে, এ সাহসটা আমার নেই, আমার আরও একশ’ বছর লাগবে উনার মতো সাহসী হতে। এজন্যে আমার চেয়ে ভালো, আমার চেয়ে সাহসী একজন মানুষকে আমি বেছে নিলাম। আপনারাও আশা করবো, তার পক্ষে কাজ করবেন, তাকে ভোট দিয়ে আপনাদের এমপি নির্বাচিত করবেন, যাতে পরবর্তী পাঁচ বছর উনি যেন আপনাদেরকে সেবা করতে পারেন, আপনাদেরকে যেন ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারেন, এ এলাকার যে নানা ধরণের সমস্যা আছে, উনি সাহসের সাথে এগুলো মোকাবেলা করবেন, যে সাহসটা আমার ছিলো না, সে সাহসটা উনার আছে। আমি উনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
কিশোরগঞ্জ-২ আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ (নৌকা), দুই স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক) ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন (ঈগল), গণতন্ত্রী পার্টির প্রার্থী মো. আশরাফ আলী (কবুতর), এনপিপি প্রার্থী আলেয়া (আম), গণফ্রন্ট প্রার্থী মীর তৈয়ব মো. রেজাউল কবির (মাছ) এবং বিএনএফ প্রার্থী মো. বিল্লাল হোসেন (টেলিভিশন)।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০১ জানুয়ারি ২০২৪

মেজর আখতারকে সমর্থন দিলেন এমপি নূর মোহাম্মদ

লিংক কপি হয়েছে!