বাংলাদেশের আরবী ভাষা ও সাহিত্যের অন্যতম পথিকৃৎ, প্রখ্যাত শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার ড. শাইখ মাওলানা মুহাম্মাদ মোস্তাফিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
গত বছরের এই দিনে (৮ মে) রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন রাজকীয় দূতাবাস সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বহু মৌলিক গ্রন্থপ্রণেতা, সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা’র অতিথি অধ্যাপক ও বাংলাদেশ বেতারের বর্হিবিশ্ব কার্যক্রমের সিনিয়র সংবাদ পাঠক ও অনুবাদক।
মরহুম শাইখ ড. মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর পহেলা মার্চ, ১৯৬৫ সালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন কয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে প্রাথমিক বৃত্তিসহ সকল পর্যায়ে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৯১ সালে মাদরাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল (আদব) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন । পরবর্তীতে কামিল তাফসীর, ফিকহ্ পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ড. শাইখ মাওলানা মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান বিএ অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় ও ১৯৯২ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি করে। অতঃপর ২০০৪ সালে ‘মাওলানা আলাউদ্দীন আল আযহারী ও বাংলাদেশে আরবী ভাষার প্রসারে তাঁর অবদান’ শীর্ষক বিষয়ের উপর উচ্চতর গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন ।
জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য অর্জন ও সার্টিফিকেট ছিলো তাঁর ঝুলিতে।
কর্মজীবনে মাদরাসা-ই-আলিয়া ঢাকার ভিজিটিং প্রফেসরসহ রাজধানীর বিভিন্ন মাদরাসায় আরবী প্রভাষকের দায়িত্ব পালন করেন । দু’দশকের অধিক সময় তিনি বাংলাদেশের রাজকীয় দূতাবাস সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। সৌদি সরকারের অতিথি হিসেবে তিনি পালন করেছেন পবিত্র হজ্ব। তাঁর লিখিত বই বাংলাদেশসহ আরব বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে সহপাঠ্যক্রম হিসেবে পড়ানো হয়। আল কুরআনের পদ্ধতিতে আরবী ভাষা শিক্ষাদানকারী দেশের একমাত্র প্রতিষ্ঠান ‘ইন্সটিটিউট অব বেসিক এ্যারাবিক লানিং’র প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। নিজগ্রামে তিনি প্রতিষ্ঠা করেছেন শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল কুরআন একাডেমী’। গড়ে তুলেছেন দাতব্য সংস্থা অ্যারাবিক ফাউন্ডেশন বাংলাদেশ, কালকিনী শিক্ষা ফাউন্ডেশন-কাশিফা, কয়ারিয়া কল্যাণ সমিতিসহ বহু সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদ। কালকিনি প্রেসকাবের দাতা সদস্য ও নিবরাস ফাউন্ডেশনের প্রাক্তণ পরিচালক ছিলেন তিনি। বহুগ্রন্থপ্রণেতা ড. শাইখ মাওলানা মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান বিরচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, মুফরাদাতুল কুরআন, কুরআনের পরিসংখ্যান, বিলাদী বাংলাদেশ, আরব জাহান পরিচিতি, অশ্রুমালা (অনুবাদগ্রন্থ), বাংলাদেশে আরবী চর্চ্চা, বাংলাদেশে ইসলামী নিদর্শন, মাওলানা আলাউদ্দীন আল আযহারীর জীবন ও কর্ম ইত্যাদী।
ড. শাইখ মাওলানা মুহাম্মাদ মোস্তাফিজুর রহমানের ২০২১ সালের ৮ মে, ২৫ রমজান রোযা অবস্থায় ইন্তেকাল করেন। রাজধানী গুলশানের কেন্দ্রীয় (আজাদ) মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কয়ারিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত দারুল কুরআন একাডেমি সংলগ্ন পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন শায়খ ড. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও গ্রামে অ্যারাবিক ফাউন্ডেশ বাংলাদেশ, ফেদারস ও সাদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
