সাকিব আল হাসান নামটি এখন খেলার মাঠের বাইরেই বেশি উচ্চারণ হয়। ব্যক্তিগত জীবন, ব্যবসা-বাণিজ্য কিংবা ভিজ্যুয়াল মাধ্যমে তার কোনো না কোনোভাবে সরব উপস্থিতি থাকছেই। ভক্ত-অনুরাগীরাও তার উপস্থিতি উদযাপন করেন।
এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার কাজ করলেন মিউজিক ভিডিওতে। “বিজয়রথ” নামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিশেষ এই গান প্রযোজনা করেছে “জি সিরিজ”। এটি গেয়েছেন “মাইলস” ব্যান্ডের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল ও “অ্যাভয়েড রাফা’ খ্যাত রায়েফ আল হাসান রাফা।
সাকী আহমেদের কথায় গানের সুর বেঁধেছেন জুয়েল। ড্রামসে সাজু ও বেজ গিটারে পাভেল। চমকে ভরা এ গান-ভিডিও নির্মাণ করেছে ফ্লাইবট স্টুডিও।
বিশেষ গানচিত্রটি নিয়ে ইকবাল আসিফ জুয়েল বলেন, “আমরা প্রত্যেকেই বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। দেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করছি। সকল বাধা পেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে- এমনই প্রত্যাশা ফুটে উঠেছে গানে।”
তিনি জানান, গানটি রক ঘরানার। এর সঙ্গে দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও এবং তাতে সাকিব আল হাসানের মতো তারকার অংশগ্রহণ ভিন্ন মাত্রা দিয়েছে।
জি সিরিজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ অক্টোবর) তাদের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হবে। একইসঙ্গে এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমে।
