২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। ১৩ ফেব্রুয়ারি (সোমবার) হতে শামসুদ্দিন বুখারি (রহ:) মাজারের বাৎসরিক ওরশকে ঘিরে শুরু হয়েছে এ মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ফকির, দরবেশ, আশেকান ভক্তসহ প্রায় লক্ষাধিক মানুষের সমাগমন ঘটে এ মেলায়। মেলার শেষ দুইদিন বসে বউমেলা। এ দুইদিন শুধু বিভিন্ন বয়সের নারীরা মেলায় এসে কেনাকাটা করে থাকেন। মেলার অন্যতম আকর্ষণ হলো মাছের হাট। মাছ ছাড়াও সাতদিন জুড়ে বেচাকেনা হয় কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী। মেলাকে ঘিরে প্রতিটি বাড়িতে শুরু হয় পিঠাপুলি উৎসব ও গ্রামের জামাইদের দেয়া হয় দাওয়াত। সেই সঙ্গে নাইওরে আসে গ্রামের মেয়েরাও।
দেশের বিভিন্ন হাওর অঞ্চল থেকে আহরিত বড় বড় মাছ ওঠে এ মেলায়। মাছের এ মেলার খ্যাতি রয়েছে সারাদেশ ব্যাপি। স্থানীয়দের বিশ্বাস, মেলার বোয়াল মাছ খেলে বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই নিজ নিজ সামর্থ অনুযায়ী একটা বোয়াল মাছ কেনার ইচ্ছা সবারই থাকে। মূলত দাওয়াতি জামাইরাই এসব মাছের খরিদ্দার। মেলা থেকে খরিদকৃত মাছ রান্নার মাধ্যমেই এলাকার জামাইদের শ্বশুর বাড়ীতে মাছ খাওয়া শুরু হয়। মেলা থেকে যতদিন জামাইরা মাছ কিনে না নিবেন ততদিন পর্যন্ত শ্বশুর বাড়ীর খাবারপাতে মাছ খাওয়া তাদের নিষেধ।

জনশ্রæতি রয়েছে ৩৬০ জন আউয়ালিয়ার শিরোমনি শাহ জালালের (রহ:) সফর সঙ্গী হযরত শাহ শামছুদ্দিন বুখারী (রহ:) তিনজন সঙ্গী নিয়ে কটিয়াদী উপজেলার কুড়িখাই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন এবং তিনিই এ অঞ্চলের প্রথম ইসলাম ধর্মের প্রচারক। ৪০০ বছর ধরে প্রতি বছর মাঘ মাসের শেষ সোমবার কুড়িখাই শাহ শামছুদ্দিন বুখারী (রহ.) মাজারে এ মেলা শুরু হয়।
মেলায় পাওয়া যাবে কাঠের আসবাবপত্র, ছোটদের জন্য বিভিন্ন খেলনা, মিঠাই-মন্ডা, মুড়ি, বিন্নি খৈসহ হরেক রকমের মুখরোচক খাবার। এছাড়াও সাকার্স, পুতুল নাচ, নাগরদোলাসহ আয়োজন করা হয়েছে বিভিন্ন বিনোদনের। কুড়িখাই গ্রামের এক থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে মেলা উপলক্ষে বিভিন্ন দোকানপাট বসেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ মেলা।
কুড়িখাই দরগাহ বাড়ী সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও খাদেম শাহ্ বাবুল বলেন, এই মেলাটি ঐতিহ্যবাহী। বহু বছর ধরেই মেলাটি হয়ে আসছে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন বলেন, মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন আছে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

কটিয়াদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা

লিংক কপি হয়েছে!