রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজার ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ মার্চ) বিকালে এই ঘটনার সূত্রপাত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে নয়টা) সংঘর্ষ চলমান রয়েছে। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলছে।
জানা যায়, বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে ঝামেলা হয় একজনের। পরে বাস বিনোদপুর বাজারে আসলে বাস আটকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে এক দোকানি এসে শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। পরে ঐ ব্যক্তির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। এসময় দোকান ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বাঁশ-লাঠি নিয়ে তারা শিক্ষার্থীদের ধাওয়া করে। শিক্ষার্থীরা বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে আবার বিনোদপুর গেটের দিকে লাঠিসোটা নিয়ে ব্যবসায়ীদের ধাওয়া করে।
এ বিষয়ে কথা হলে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, বাস ভাড়াকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
