তানভীর আনজুম, জবি প্রতিনিধিঃ শনিবার ‘এ’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে শেষ হলো ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী। শনিবার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে ১ টা পর্যন্ত চলে পরীক্ষা।
‘এ’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা বিভাগে মোট আবেদন জমা পড়ে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৫৭ হাজার ৬৫৮ জন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫ টি।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেন ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো আটটি উপকেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপকেন্দ্র আটটি হলো-ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাংলা কলেজ ও গভ: কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স।
অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার হলে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসা সাইফুল্লাহ্ জাহান প্রিন্স (২০) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দশ মিনিটের জন্য অন্যের প্রবেশ পত্র জিম্মি করে হলে প্রবেশ করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাইফুল্লাহ্ জাহান প্রিন্স ও তার প্রেমিকাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
প্রিন্স ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার আশরাফুল ইসলামের ছেলে।
এছাড়া রেজিষ্ট্রেশন কার্ডের পিছনের পৃষ্ঠায় বিজ্ঞানের বিভিন্ন সূত্র-সারণি লিখে রাখার অভিযোগে গুচ্ছ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) এক পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে। শনিবার (৩ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীর নাম মোহাম্মদ মিনহাজ হোসাইন।
মোহাম্মদ মিনহাজ হোসাইন ঢাকা ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী। তিনি ঢাকার বাড্ডা এলাকার খোরশেদ আলম ও শাহানাজ বেগমের ছেলে।
সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গুচ্ছ ভর্তির বিগত বছরের সমস্যাগুলো কাটিয়ে দ্রুত আমরা ভর্তি কার্যক্রম শেষ করতে পারব। দেরীতে ক্লাস শুরু করা নিয়ে প্রায়ই বদনাম হয়। গত বছর জানুয়ারির শেষ দিকে ক্লাস শুরু হলেও এবার জুলাই অথবা আগস্ট মাসের প্রথমেই আমরা ক্লাস শুরু করব। এতে করে আমরা প্রায় ছয় মাস এগিয়ে যাবো।
উপাচার্য আরও বলেন, ফলাফল প্রকাশ শেষে আমরা কেন্দ্রীয়ভাবে চয়েজ ফর্ম দিব। এতে ভোগান্তি কমবে। কাউকে বিশ্ববিদ্যালয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। তাদের চয়েজ অনুযায়ী আমরা তাদেরকে সাবজেক্ট দিব। পরবর্তীতে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, এর আগে ২০ মে ‘বি’ ইউনিট তথা মানবিক বিভাগ, ২৭ মে ‘সি’ ইউনিট তথা বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২৩ মে ‘বি’ ইউনিটের এবং ২৯ মে ‘ সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ‘এ’ ইউনিটের ফলাফল ও বিস্তারিত তথ্য (www. gstadmission.ac.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
