বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ প্রতিপাদ্য ও ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে ইকো ভলান্টিয়ার্স।
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ দিনে ইকো ভলান্টিয়ার্স সচেতনতামূলক সেমিনার আয়োজন করে। সেমিনারটি সোমবার সকাল ৮টায় সিরাজগঞ্জ জেলার সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের আয়োজিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ইকো ভলান্টিয়ার্স সিরাজগঞ্জ জেলার সদস্য- অন্তরা ভদ্র, জুলি চৌধুরী, পূজা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষকেরা।
এ সময় ইকো ভলান্টিয়ার্সের সদস্য অন্তরা ভদ্র বলেন, “বর্তমান বিশ্ব প্লাস্টিক সামগ্রী দিয়ে বলতে গেলে প্লাবিত হয়ে যাচ্ছে। প্রতি বছর ৪০ কোটি টন প্লাস্টিক সামগ্রী তৈরি হচ্ছে যার অর্ধেক এক বার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। প্লাস্টিকের এই বর্জ্য বর্তমান পরিবেশের জন্য এক ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
জুলী চৌধুরী বলেন, “প্রকৃতির ওপর অতিরিক্ত অত্যাচারের ফলে আমরা ইতিমধ্যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা প্রত্যক্ষ করছি। বৈশ্বিক উষ্ণায়ন এখনই কমানো না গেলে খুব শিগগিরই বিশ্ববাসীকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তাই আমাদের এখনই সচেতন হওয়া উচিত।”
সবুজ কানন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো: মাসুদ আলম জানান, “ইকো ভলান্টিয়ার্সের পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রশংসা করে বলেন, “যেহেতু আমরা প্রকৃতির অংশ, এবং আমরা এটির উপর নির্ভরশীল এটিকে রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে এই দিবসটি উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি আমাদের মাঝে সচেতনতা যেমন বাড়ায় তেমনি এটির রক্ষায় আমাদেরকে কার্যকর পদক্ষেপ নিতে উত্সাহিত করে। আমাদের একটাই পৃথিবী কাজেই এই সুন্দর পৃথিবীটিকে রক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।”
সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম সেমিনারটিতে অনুপস্থিত থাকলেও পরবর্তীতে তিনি জানান, “পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে “বিশ্ব পরিবেশ দিবস” পালন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করি। কারণ এই দিনটি আমাদেরকে প্রকৃতির সাথে পুনরায় সংযোগ স্থাপন করার কথা মনে করিয়ে দেয়। এ দিবসটি পালনে ইকো ভলান্টিয়ার্সের উদ্যোগ প্রশংসনীয়।”
