সাভারে ঋণের টাকা তুলতে গিয়ে হামলায় নিহত হয়েছেন বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাক কর্মী রেজাউল করিম (৫০)।এ ঘটনায় শাহিন আলী (২২) নামের এক পোশাক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী।
নিহত রেজাউল করিম পাবনার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে। সে সাভারে ব্র্যাক মাঠ কর্মী হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার শাহিন আলী রাজশাহী জেলার চরঘাট থানা এলাকার মোরশেদ আলীর ছেলে। সে সাভারে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেতেন।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালীপাড়া এলাকা থেকে রেজাউল করিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী বলেন, গতকাল বুধবার বিকেলে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের বাসার নিচতলার এক ভাড়াটিয়া শাহিন আলীর কাছে কিস্তির টাকা সংগ্রহে যান। এর আগে ১৩ জুন কিস্তির টাকা চাইতে গেলে পরদিন দেবেন বলেন। পরদিন গতকাল বুধবার রেজাউল করিম তাঁর বাসায় টাকা চাইতে গেলে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউল করিমকে তিনি মারধর করতে থাকেন। এ সময় অণ্ডকোষে আঘাত পেয়ে রেজাউল মাটিতে লুটিয়ে পড়েন। তিনি মারা গেলে শাহিন লাশ বাসা থেকে বের করে সামনের সিঁড়ির নিচে রেখে দেন। তা ছাড়া রেজাউলের পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন শাহিন। সেই টাকা তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন শাহিন আলী।
এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
