নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঈদের জামাত না পাওয়ার জেরে খোতবা চলাকালীন সময়ে মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে ইমামকে মারধর করার অভিযোগ উঠেছে হাসান ইমাম রাসেল নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার রাতে ঐ যুবকের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ভুক্তভোগী ইমাম।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দানামিয়া জামে মসজিদে ঈদের জামায়াত চলাকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেরিতে এসে ঈদের জামাত না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওই মসজিদে দায়িত্বে থাকা ইমাম মাওলানা জাকির উল্যার (৪৫) ওপর এ হামলা করা হয়। হাসান ইমাম রাসেল ওই মসজিদ কমিটির সভাপতি আমেরিকান প্রবাসী সিরাজ উল্যার ছেলে। নামাজ শেষে ইমামের দায়িত্ব পালন করবে না ঘোষণা দিয়ে বাড়ি চলে যান নির্যাতিত ওই ইমাম।
ইমাম মাওলানা জাকির উল্যাহ বলেন, রাসেল ও তার পিতা সিরাজ উল্যা সহ এলাকাবাসীর পরামর্শে ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয় সকাল সাড়ে সাতটা। ঈদের আগেরদিন থেকে মাইকে ঘোষণাও করা হয়। কিন্তু ৭ টা ৩৭ এ ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পরও কথিত সাংবাদিক রাসেল ঈদের জামাত পায়নি। সে নামাজ শেষ হওয়ার পর আসছিলো। পরে এসে খোতবা চলাকালিন সকল মুসল্লিদের সামনেই আমার পাঞ্জাবির কলার ধরে টেনে হেছড়ে দাঁড় করিয়ে কিল-ঘুষি মারতে থাকে। এসময় মুসল্লিরা এগিয়ে এসে তাকে বাঁধা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাসান ইমাম রাসেল মারধরের বিষয়ে অস্বীকার করে বলেন, আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটি প্রায় মিমাংসিত।
