পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা থেকে নুর ইসলাম (২৭) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৫২ এর ২ নম্বর সাব পিলারের ১০০ গজ অভ্যন্তরে মোমিনপাড়া গ্রামের একটি চা বাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নুর ইসলামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশিগঞ্জ এলাকায়। তার বাবার নাম আব্দুল জব্বার।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ৮ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে গুলির আওয়াজ পায় স্থানীয় লোকজন । পরে সকালের দিকে ওই জায়গায় একটি মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছে , মৃত ব্যক্তি চোরাকারবারি। তিনি অবৈধপথে গরু পারাপার করতেন। হয়তো ওই চোরাকারবারি তখন গরু পারাপার করার জন্যই ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছিল। তখন ভারতের বিএসএফ হয়তো গুলি চালায়। আর সে কারনেই বিএসএফের গুলিতে তার মৃত্যু হতে পারে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, বাংলাদেশের ঘাগড়া ও ভারতের বেরুবাড়ি সীমান্তের বাংলাদেশের অংশ থেকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের চোখের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
