ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, জিরা ও জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) ভোররাত আনুমানিক ৪টার দিকে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ঔষধ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ঔষধের আনুমানিক মূল্য ২২ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।
একই দিন চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চান্দাপাড়া সীমান্ত এলাকা থেকে পাচারের সময় ৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও জনসন বেবি সাবান জব্দ করা হয়।
সব মিলিয়ে ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে মোট ২৬ লাখ ৯১ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ পণ্য আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।
বুধবার বিকেল ৪টায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
