জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘কামরুজ্জামান রাব্বি’ সব সময় রুচিশীল গান উপহার দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি গাইলেন “লজ্জা নাকি নারীর ভূষণ, পুরুষ তবে কোন মহাজন? লজ্জা হায়া নাই বলেকি একলা মাতায় ত্রিভূবণ? এমন কথা ভাবতে আমার যায় জীবন….” কথামালায় ‘নারীর মন’ শিরোনামে একটি লোক আঙ্গিকের মৌলিক গান। গানটি রচনা করেছেন ড. তপন বাগচী, হাবিব মোস্তফা’র সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় অণু মোস্তাফিজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ‘গানচিল ফোক’ এর ব্যানারে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে।
গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, কামরুজ্জামান রাব্বি বয়সে তরুণ হলেও বাংলা লোকগানের একটি ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ তিনি। ‘নারীর মন’ গানে তিনি তার সহজাত, স্বতন্ত্র্য গায়কী স্বত্তার পরিচয় দিয়েছেন। এবারের ঈদের আনন্দের সাথে তার গাওয়া ‘নারীর মন’ গানটি একটি অনন্য মাত্রা যোগ করবে বলে আমি মনে করি।
তপন বাগচী বলেন, রাব্বি ম্যাজিক বাউলিয়ানায় শীর্ষসারিতে ছিল। সে দরদি কণ্ঠ ও বিনয়ী স্বভাবের অধিকারী। দেশ ও দেশের বাইরে তার অগণিত শ্রোতা রয়েছে, যারা তার গানের জন্য অপেক্ষা করেন। ‘নারীর মন’ শিরোনামের এই গানটি রাব্বি ভক্তদের অপেক্ষার তৃষ্ণা মিটাবে বলে আমি মনে করি।
গানটি সম্পর্কে কামরুজ্জামান রাব্বি বলেন, তপন বাগচী ও হাবিব মোস্তফা জুটির একাধিক গান আমি ইতিপূর্বে করেছি। ‘নারীর মন’ গানে গীতিকার গ্রাম বাংলার চিরায়ত ভাবকে তুলে ধরেছেন, পাশাপাশি সুরকার বজায় রেখেছেন একটি সাবলীল সুরের ধারা। যার কারণে গানটি শোনার সাথে সাথে শ্রোতারাও নিজের অজান্তে গেয়ে উঠবেন- এটা আমার একান্ত বিশ্বাস।
