শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

প্রধানমন্ত্রীর সাথে নতুন ঘরে ঈদ করতে চান নগরকান্দার ভূমিসহ গৃহপ্রাপ্তরা

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৬:১০ পিএম
কপি হয়েছে!

ঈদ উপলক্ষে ভূমিসহ গৃহপ্রাপ্তরা নতুন ঘরে প্রধানমন্ত্রীর সাথে ঈদ উদযাপন করতে চান। প্রধানমন্ত্রীকে তারা তাদের সাথে নতুন ঘরে বসে সেমাই আর ডাল ভাত খাওয়াতে ইচ্ছা প্রকাশ করেছেন। যিনি ঘর দিয়েছেন সেই প্রধানমন্ত্রীকে নিয়েই নতুন বাড়ি পাওয়ার আনন্দে ঈদের বিকেলটি কাটাতে চান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাফই কাইচাইল ভূমিসহ গৃহপ্রাপ্তরা। এই আহবান জানিয়েছেন তারা।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পর এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভূমি ও গৃহহীনদের ভূমিসহ গৃহ প্রদান করা হচ্ছে। নতুন করে ১শ ১০টি পরিবার পাচ্ছে এই বাড়ি। সাথে সাথে জেলার মধ্যে নগরকান্দা উপজেলা ভূমিহীন মুক্ত হচ্ছে। এর আগে এই উপজেলায় আরো প্রায় ৩ শত ৫০ টি পরিবার জমিসহ ঘর পেয়েছে। এদিকে জেলায় ইতিমধ্যে ৫ হাজার পরিবার ভূমিসহ গৃহ প্রাপ্তের আওতায় এসেছে।

ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ২৬ এপ্রিল ২০২২  মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি জেলার নগরকান্দা উপজেলার কাফই কাইচাইল এলাকায় জমিসহ নব নির্মিত গৃহ হস্তান্তর করবেন।

বৃহস্পতিবার (২১ শে এপ্রিল) দুপুরে উপজেলার কাফই কাইচাইলের নব নির্মিত বসতি এলাকায় ঘর প্রাপ্তির তালিকায় থাকা অনেকের উপস্থিতি লক্ষ্য করা যায়। নিজের বরাদ্দ প্রাপ্ত ঘরের বারান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব বর্ষের লোগোযুক্ত ঘরের নেমপ্লেটের দিকে নিবিষ্ট মনে তাকিয়ে থাকা জাকির হোসেন। জানালেন, পরিবার নিয়ে ১৪ বছর যাবত থাকেন উপজেলার কাইচাইল এলাকায় শশুর আফসার মাতুব্বরের বাড়িতে। নিজের কোন জমি বা বাড়ি নাই। স্কুল পড়ুয়া দুই সন্তান নিয়ে সেখানেই তাদের দিনাতিপাত ঘটে। এবার ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জমিসহ নতুন ঘর দিয়েছেন। এলাকার পোড়াদিয়া বাজারের বটতলা ফুটপাতের চা বিক্রেতা জাকিরের এবারের ঈদ নিজ বাড়িতে হবে বলে খুব খুশি। বলেন, ‘আমার পোলাপান নিয়ে নিজের বাড়িতে নিজের ঘরে ঈদ করুম। যে ঘর দিছে, সেই প্রধানমন্ত্রীরে নিয়ে ঈদ করবার চাই। সিমাই আর একমুঠ ডাল ভাত তাকে আমাগের ঘরে বসায়ে খাওয়াব্যের চাই।’

স্বামী পবিত্র মালোকে নিয়ে মাঝিকান্দায় চাচা শশুড় উত্তম মালোর বাড়িতে থাকেন বাসন্তী রানী (৪৫)। তিন মেয়ের মধ্যে এক মেয়েকে বিয়ে দিয়েছেন; অপর দু মেয়ের একজন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ে। অপর জন পুরদিয়া স্কুলে পড়ে। স্বামী মাছ ধরে বিক্রি করেন। নিজের বাড়ি না থাকায় মেয়েদের বিয়ে নিয়ে বেশ চিন্তিত ছিলেন বাসন্তী। এবার সেই দুঃচিন্তা দূর হবে বলে জানালেন তিনি।

কাঠ মিস্ত্রি নূরে আলম। ‘দিন আনি দিন খাই’ অর্থনৈতিক অবস্থা থাকলেও বড় কষ্টের বিষয় ছিল নিজের বাড়ি না থাকা। বলেন, ‘যারা নিজের বা পৈত্রিক বাড়িতে থাকে তারা কোনদিনও পরের বাড়ি থাকার দুঃটা বুঝবে না। তিনি আরো বলেন, ঈদের দিনে বাচ্চাদের মুখে দু’চামুচ সেমাই তুলে দিতে পারি ঠিকই, কিন্তু ‘মাইনষের বাড়ি থাহে, নিজির বাড়ি নাই’ এই কথা শুনতি খুবই খাবার লাগতো। নিজেরে খুব ছোট মনে হত। মনটা সব সময় মরা থাকতো। সবাই দেখতেছে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী জমি দিছে- ঘর দিছে। কিন্তু সে শুধু এগুলাই দেয় নাই, প্রধানমন্ত্রী আমাগো মনটা বড় করে দিছে। এখন বুক ফুলাইয়ে বলতি পারবো নিজের বাড়ি থাকি; মানইষের বাড়ি থাকি না। তিনি আরো বলেন, ঈদের দিন প্রধানমন্ত্রী আমাদের এই নতুন ঘরে আসবেন- আমার বাচ্চাদের সাথে একটু সেমাই খাবেন এই চাই।

এলাকার জমিসহ নতুন ঘর প্রাপ্ত জান্নাতি আক্তার, সোহবারসহ বাসিন্দারা আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীকে, ঈদের উপহারের সাথে সাথে তিনি যেন একটু সময় করে তাদের আনন্দের ভাগাভাগি করেন।