মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ঢাকা
মেনু নেভিগেশন
© 2026 জাগো বুলেটিন. সর্বস্বত্ব সংরক্ষিত।
সদ্য সংবাদ

বাংলামোটরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে আজ সকাল ১১টায় রাজধানীর বাংলামোটর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও মোটরপার্টস দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতা সায়মনের নেতৃত্বে ওমর ও মিজানসহ একটি সংঘবদ্ধ দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই প্রতিদিন বাংলামোটরের দিলু রোড ও মগবাজার এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় ও হুমকি দিচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এসব কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, বর্তমান সরকারের সময়েও সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান কোনো উন্নতি তাঁরা দেখতে পাচ্ছেন না।

ভুক্তভোগীদের দাবি, সন্ধ্যা হলেই বাংলামোটর, দিলু রোড ও মগবাজার এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়। সায়মনের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া, প্রাণনাশের হুমকি, চাঁদা আদায়, মাদক ব্যবসা ও নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ তোলেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, সরাসরি হুমকির পাশাপাশি মুঠোফোনেও তাঁদের নানাভাবে হয়রানি করছেন বহিষ্কৃত এই যুবদল নেতা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে এলাকায় স্বাধীন ও নিরাপদে চলাফেরা করতে চান স্থানীয়রা।

মানববন্ধনে স্থানীয় মুদিদোকানদার সম্রাট বলেন, প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হওয়ায় তাঁরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। রক্সি নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, বাংলামোটর একটি শান্তিপূর্ণ এলাকা, এখানে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ হওয়া উচিত। আরেক ব্যবসায়ী আবদুর রব বলেন, চাঁদাবাজ কোনো দলের নয়, সে যে দলেরই হোক না কেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।

এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী। তাঁদের একটাই দাবি, অভিযুক্ত সায়মন, মিজান ও ওমরসহ জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।

তবে মানববন্ধনে তোলা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কিংবা স্থানীয় থানা পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বাংলামোটরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

লিংক কপি হয়েছে!