শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ডেঙ্গু থেকে রক্ষায় সিটি কর্পোরেশনের ক্র্যাশ প্রোগ্রাম চলমান

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২২, ০৯:১১ এএম
কপি হয়েছে!

নগরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষা করতে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন ও বিস্তার রোধে পর্যায়ক্রমে নগরীর ৩টি জোনে চলমান রয়েছে এ কর্মসূচি।

গত শনিবার শুরু হওয়া ২ নম্বর জোনের কার্যক্রম বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় শেষ হয়েছে। আজ শুক্রবার (২০ মে) শুরু হয়ে আগামী সোমবার (২৩ মে) সন্ধ্যায় শেষ হবে ৩ নম্বর জোনের কার্যক্রম। এর আগে গত বৃহস্পতিবার (১২ মে) থেকে রোববার (১৫ মে) পর্যন্ত চলে ১ নম্বর জোনের কার্যক্রম।

নাগরিকদের সুরক্ষা দিতে মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র কঠোর নির্দেশনা বাস্তবায়নে একদল চৌকস কর্মকর্তা-কর্মচারীকে ক্র্যাশ প্রোগ্রামে সম্পৃক্ত করা হয়েছে। ডেঙ্গু বিস্তার মৌসুমের আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়ায় আক্রান্তের পরিমাণ অনেকাংশেই কমবে বলে মত প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা সঠিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে নগরব্যাপী আগাম ব্যবস্থা নেওয়ার কারণে হুমকির হাত থেকে রক্ষা পাবেন নগরবাসী।

মশক নিধন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ফুড ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, মেয়র মহোদয়ের কঠোর নির্দেশনায় নগরীতে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হচ্ছে। নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। ওয়ার্ড কাউন্সিলর এবং কর্মকর্তারা মশক নিধন কার্যক্রম তদারকি করছেন। তিনি বলেন, যেকোনো স্থানে ৩ দিনের বেশি জমে থাকা পানিতে এডিস মশার বিস্তার বাড়ে। বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, এডিস মশার লার্ভা জমিয়ে রাখার বিষয়ে ইতিমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এর পরও নির্মাণাধীন কোনো ভবন অথবা প্রতিষ্ঠানের জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

ডেঙ্গু সম্পর্কে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা দিতে আমরা বদ্ধ পরিকর। এ সময়ে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। আমাদের আশে-পাশে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, এর আগে কখনও এডিস মশার কামড়ে সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটেনি। মশক নিধন কার্যক্রম এবং সকলের সচেতনতায় এবারও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকবে।

উল্লেখ্য, ৬০ জন দক্ষ মশক নিধনকর্মী পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড এবং হটস্পটগুলোয় ফগার মেশিনের সহযোগিতায় লার্ভিসাইড ও এডাল্টিসাইড ছিটাচ্ছেন।

অপরদিকে ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। নগরবাসীকে সচেতন করতে বিতরণ করা হচ্ছে প্রচারপত্র। দিনব্যাপী মাইকিং করা হচ্ছে ওয়ার্ডগুলোয়।