আগামী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) ভর্তিতে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি আসতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৯ মার্চ) সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুজিব ম্যুরালের পাদদেশে ইবিকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা হাতে লেখা পোস্টারে গুচ্ছ বন্ধের দাবিটি তুলে ধরেন। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিভাগের প্রায় ১০/১২ জন শিক্ষার্থী।
মানবন্ধনে অংশ নেয়া বাংলা বিভাগের শিক্ষার্থী আলীম জানান, গুচ্ছ প্রক্রিয়ায় আমাদের শুধু সময়ক্ষেপণ হয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকৃত মেধাবী শিক্ষার্থী খুঁজে পাচ্ছিনা। আমাদের ইবির পূর্বে যে একটা ব্র্যান্ড ভ্যালু ছিলো তা আমরা হারিয়েছি গুচ্ছে এসে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আশেপাশ থেকে আসা শিক্ষার্থীরাই। আমাদের একটাই দাবি আজকের একাডেমিক কাউন্সিলের মিটিং এ ইবি গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত আসুক।
এবিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছিলেন। উপাচার্য বরাবর লিখিত দাবিও জানানো হয়েছিল। আজকের সভায় ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সমন্বয়হীনতা ও উচ্চশিক্ষার বৈষম্য ইত্যাদি কারণে গুচ্ছে থাকার বিপক্ষে মত দেন শিক্ষকরা।
তিনি বলেন, আমরা আগামী ৩০ জুনের মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শেষ করে পহেলা জুলাই থেকে ক্লাস শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি। ভিসি মহোদয় বলেছেন অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সাথে মিটিং ডেকে এটি বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু করবেন।
উল্লেখ্য, এর আগে গুচ্ছে অংশগ্রহণ না করা নিয়ে বিবৃতি দেয় ইবির শিক্ষকরা। পরবর্তীতে শিক্ষকদের সাথে প্রশাসনের সভায়ও গুচ্ছে না থাকার বিষয়টি জানায় শিক্ষকরা। আজ একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা যায়।
