বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. ইমন হোসেন বলেন, “এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়, এটি এক প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। তরুণ কলাম লেখকদের কলম হোক স্বপ্ন, সাফল্য ও প্রতিবাদের হাতিয়ার—যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়, সমাজে আলোর বীজ বপন করা।”
সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। এটি শুধু দায়িত্ব নয়, এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া। আমি প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার।”
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই আত্মপ্রকাশ করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহায়তা, এবং লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে সংগঠনটি।
শুভ্র/
