অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে লেখিকা সারমিন ইসলাম রত্নার নতুন গল্পের বই ‘ভয়ংকর ভূতুড়ে কলম’। প্রিয় বাংলা প্রকাশন থেকে আসা এই বইটি মূলত শিশুকিশোরদের উপযোগী করে লেখা দারুণ সব ভৌতিক গল্পের সংকলন। অন্ধকার নামলে আমাদের চারপাশের পরিচিত পৃথিবী কীভাবে হঠাৎ রহস্যময় হয়ে ওঠে, সেই রোমাঞ্চকর অনুভূতি তুলে ধরা হয়েছে বইটির প্রতিটি গল্পে।
বইটির পাতায় পাতায় জড়িয়ে আছে গা ছমছম করা সব ঘটনা। মরা পুকুরের অভিশাপ, কালো বেড়ালের রহস্যময় চোখ, অন্ধকার বাগানের ফিসফাস আর আয়নার ওপারে থাকা অদ্ভুত এক মেয়ের গল্প পাঠকদের টেনে নেবে ভয়ের এক নতুন জগতে। এর পাশাপাশি রয়েছে নিজের ইচ্ছেমতো চলতে থাকা এক ভুতুড়ে কলম এবং মিষ্টি স্বাদের আড়ালে লুকিয়ে থাকা লাল রঙের ভয়ংকর এক চকলেটের গল্প। তবে এই বইয়ের উদ্দেশ্য কেবল ভয় দেখানো নয়। প্রতিটি গল্পের শেষে লুকিয়ে আছে একটি শিক্ষণীয় বার্তা, যা কিশোর পাঠকদের তাদের মনের ভয়কে জয় করতে সাহায্য করবে।
আকর্ষণীয় এই বইটির প্রচ্ছদ করেছেন এস এম জসীম ভূঁইয়া এবং ভেতরের অলংকরণ করেছেন সোহেল আশরাফ। ২৫০ টাকা মুদ্রিত মূল্যের বইটি প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। শিশুতোষ ভৌতিক সাহিত্য পছন্দ করেন এমন যে কারও জন্য এটি হতে পারে দারুণ একটি সংগ্রহ।
শুভ্র/
