২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

চা উৎপাদনে সাফল্য : পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে বেড়েছে ৩২ লাখ কেজি

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

উত্তরবঙ্গের পাঁচ জেলায় ২০২২ মৌসুমে চা উৎপাদন হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি। এই এলাকার ১২ হাজার ৭৯ দশমিক ৬ একর সমতল জমির ৩০টি চা-বাগান এবং ৮ হাজারেরও বেশি ক্ষুদ্রায়তনের চা-বাগান থেকে এসব চা পাওয়া গেছে। গত বছরের তুলনায় এসব বাগান থেকে ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি চা বেশি উৎপাদন হয়েছে। এই অঞ্চলে চা উৎপাদনে এটি নতুন রেকর্ড।

পঞ্চগড়ে বাংলাদেশ চা-বোর্ডের আঞ্চলিক কার্যালয় থেকে শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। চা-বোর্ড জানায়, চলতি বছর এসব বাগান থেকে ৯ কোটি ২ লাখ ৭৪ হাজার ৬৩২ কেজি সবুজ কাঁচা চা-পাতা তোলা হয়। এসব চা-পাতা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের চলমান ২৫টি কারখানায় প্রক্রিয়াজাত করে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি চা উৎপাদন হয়েছে। এই উৎপাদন জাতীয় উৎপাদনের ১৮ দশমিক ৯২ শতাংশ।

চা-বোর্ড জানিয়েছে, ২০২১ সালে এ অঞ্চলে চা আবাদ হয়েছিল ১১ হাজার ৪৩৩ দশমিক ৯৪ একর জমিতে। উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি চা। সেই তুলনায় গত ১ বছরে আবাদ বেড়েছে ৬৪৫ দশমিক ১২ একর জমিতে, উৎপাদন বেড়েছে ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি।

সিলেট অঞ্চলের পর দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে পঞ্চগড়। এই জেলাকে অনুসরণ করে চা আবাদে এগিয়ে যাচ্ছে পাশের ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলা। একসময়ের পতিত গো-চারণভূমি এখন চায়ের সবুজ পাতায় ভরে উঠছে। আন্তর্জাতিক মানের চা উৎপাদন হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে এ অঞ্চলের চা যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। চা-বাগানের পাশাপাশি বিভিন্ন এলাকায় চা প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে ওঠায় সৃষ্টি হয়েছে মানুষের কর্মসংস্থান।

চা-বোর্ডের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের ৫ জেলার মোট ১২ হাজার ৭৯ দশমিক শূন্য ছয় একর সমতল জমির চা আবাদের মধ্যে পঞ্চগড়েই আবাদ হয়েছে ১০ হাজার ২৩৯ দশমিক ৮০ একর জমিতে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৪৫৭ দশমিক ২৯ একর, লালমনিরহাটে ২২২ দশমিক ৩৮ একর, দিনাজপুরে ৮৯ একর এবং নীলফামারীতে ৭০ দশমিক ৫৯ একর জমিতে আবাদ হয়েছে চা।

পঞ্চগড়ে বাংলাদেশ চা-বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, সমতল ভূমিতে চা চাষের জন্য পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলা অত্যন্ত সম্ভাবনাময়। ১৯৯৬ সালে সর্বপ্রথম পঞ্চগড়ে চা চাষের পরিকল্পনা হাতে নেয়া হয় এবং ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ শুরু হয়।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

চা উৎপাদনে সাফল্য : পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে বেড়েছে ৩২ লাখ কেজি

লিংক কপি হয়েছে!