পঞ্চগড় জেলা শহরের ভিআইপি হিসেবে পরিচিত ধানসিঁড়ি আবাসিক হোটেল। শুরু থেকেই নানা অভিযোগ রয়েছে এই আবাসিকের বিরুদ্ধে। তবে এবার আবাসিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বোর্ডারের ল্যাপটপ, টাকা এবং ব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর থানায় অভিযোগটি করেন সিরাজুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তি। তিনি ওয়ালটন প্লাজার দিনাজপুর এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার।
অভিযোগে সিরাজুল ইসলাম জানান, অফিসের কাজে গত ৪ ফেব্রুয়ারী পঞ্চগড়ে আসেন এবং ধানসিঁড়ি আবাসিক হোটেলের ১০১ নম্বর কক্ষ বুকিং নেন। সে মতে গত ৬ ফেব্রুয়ারি সারাদিন অফিসের কাজ শেষে রাত পৌনে ১২টার দিকে রুমে যান তিনি। এদিন ব্যক্তিগত আরও কিছু কাজ সেরে ঘুমাতে যান রাত দুইটারও পরে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখেন তার অফিসিয়াল ব্যাগ এবং ল্যাপটপ নেই। মানিব্যাগ পড়ে থাকলেও ভিতরে থাকা ৪৫ হাজার ৫০০ টাকা, অফিসিয়াল পরিচয়পত্র, ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্রও নেই।
তিনি অভিযোগ করে বলেন, আমি বিষয়টি আবাসিকের ম্যানেজারকে জানালে তিনি কর্ণপাত করেননি, বরং অসদাচরণ এবং হুমকি প্রদর্শন করেন। আমি মনে করছি আবাসিক কর্তৃপক্ষ পূর্ব পরিকল্পনা অনুযায়ী এসব চুরি করে আত্মসাতের পায়তারা করছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ধানসিঁড়ি আবাসিক হোটেলের সত্ত্বাধিকারী সাথী আক্তার। তিনি বলেন, ওই বোর্ডার জানালা খোলা থাকা অবস্থায় জানালার পাশে ল্যাপটপ, মানিব্যাগ রেখে ঘুমিয়েছিলো। জানালা দিয়েই হয়তো চুরি হয়েছে সেগুলো। উনার অসাবধানতার কারণে এটা হয়েছি মনে করি, এর দায়ভার আমরা নিবো কেন? আর আমাদের ভিতরের নিরাপত্তার কোন ঘাটতি নেই।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড়ের ধানসিঁড়ি আবাসিক থেকে বোর্ডারের ল্যাপটপ-টাকা চুরি
