শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করে ইকো ভলান্টিয়ার্স। ২১ ফেব্রুয়ারির সকালে সিরাজগঞ্জের মুক্তির সোপান শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে পরিবেশবাদী সংগঠনটি।
মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় প্রভাতফেরি, শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। আলোচনা সভাটি সিরাজগঞ্জের পদ্ম পুকুরের পাড়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইকো ভলান্টিয়ার্স এর সদস্য অন্তরা ভদ্র,জুলী রানী, পূজা রানী, সুজিত শর্মা, তন্দ্রা মনি, বিজয় সরকার, সুব্রত ঘোষ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সুমন কুমার, বিজয় হালদার, সুপ্ত ভদ্র, লিমন, দিপু।
আলোচনা সভায় ইকো ভলান্টিয়ার্স এর সদস্যরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি নিয়ে আলোচনা করেন। তারা জানান, বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে আজ থেকে ৭১ বছর আগে অর্থাৎ ১৯৫২ সালের এই দিনে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিল।
যা পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব নজির। যার ফলস্বরূপ ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আজ বাঙালি সহ সারা বিশ্বই দিনটি উদযাপন করছে। আমাদের উচিত মাতৃভাষার চেতনাকে বুকে ধারণ করা।
