২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারনার অভিযোগে ১ জন আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের স্বাক্ষর, সিল মোহর ও সুপারিশ জাল করে প্রতারনার অভিযোগে মোজাম্মেল হক নামের একজন কে আটক করেছে পুলিশ।

মোজাম্মেল হককে আটকের পর পঞ্চগড়ের পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সামনে বিস্তারিত ঘটনা তুলে ধরেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলামের নেতৃত্বে ৬ এপ্রিল রাতে সদর উপজেলার পানিমাছ এলাকার ফয়জুল হকের ছেলে মোজাম্মেল হক (৪৮) কে আটক করা হয়।

উক্ত ব্যক্তিকে গ্রেফতারের কারণ প্রসঙ্গে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন তার জমি- জামা সংক্রান্ত একটি বিরোধ রয়েছে উক্ত বিরোধকে কেন্দ্র করে সে কয়েকটি দরখাস্ত করেছে।
দরখাস্ত গুলোতে সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের স্বাক্ষর ও সিলমোহর জাল করে এবং পঞ্চগড়ের পুলিশ সুপার কে তার বিরোধ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করেছে।

পুলিশ সুপারের কাছে পরপর কয়েকটি দরখাস্ত আসায় পুলিশ সুপার সন্দেহ হয় যে, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্য সচিব দরখাস্ত গুলোতে আসলেই সুপারিশ করেছে কিনা ? সন্দেহের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যালয় ও মুখ্য সচিবের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ করেন।

কার্যালয় দুটিতে যোগাযোগ করা হলে তারা স্বাক্ষর, সিলমোহর ও হাতের লেখা দেখে জানায় যে, এগুলো স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্য সচিবের না।
পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর থানায় পূর্ব পরিকল্পিত ভাবে প্রতারনার উদ্দেশ্যে জাল স্বাক্ষর ও সিলমোহর ব্যবহার করে প্রতারনার জন্য দুটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা আরো বলেন, আটক মোজাম্মেল হক যে দরখাস্ত করেছে তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। সে আরো স্বীকার করেছে যে, দরখাস্তে যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে সেটি তার নিজের স্বাক্ষর না অন্য একজন স্বাক্ষর করে দিয়েছে। সুতরাং এ থেকে বোঝা যায় এখানে একটি চক্র কাজ করেছে। তারা মন্ত্রী মহোদয়গণ সহ উর্দ্ধতন কর্মকর্তাগণের স্বাক্ষর সিলমোহর ও সুপারিশ প্রতারণামূলকভাবে ব্যবহার করে আরো ঘটনা ঘটাতে পারে।
উক্ত ঘটনার পুরো চক্রটিকে সনাক্ত করতে পঞ্চগড় জেলা পুলিশ কাজ করে যাচ্ছে এবং ঘটনার সাথে জড়িতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুশিয়ারী ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা পিপিএম, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপস্) সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

পঞ্চগড়ে মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারনার অভিযোগে ১ জন আটক

লিংক কপি হয়েছে!